চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগ ঘিরে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব , চট্টগ্রামের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করাকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতির অবনতি ঘটলে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘটনাস্থলে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্তকে আটক করে সিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র্যাব-৭ এর উপসহকারী পরিচালক এমদাদুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে র্যাবের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে চেয়ারম্যানঘাটার বিসমিল্লাহ ম্যানশন ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।
সন্ধ্যার পর পুলিশ অভিযুক্তকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে এলাকাবাসীও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। সংঘর্ষে অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
