চট্টগ্রামে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
চট্টগ্রামে পৃথক ঘটনায় সীতাকুণ্ড ও সাতকানিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন। হাফিজ জুট মিলের সামনে আহত অবস্থায় পড়ে থাকা আজিজকে ফায়ার সার্ভিস উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সাতকানিয়ার কেরানিহাট সিটি সেন্টারে বিরোধ মীমাংসার সময় ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় রোহান উদ্দিন (১৯) নামে এক তরুণ আটক হন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
