চট্টগ্রাম নগরের হালিশহর থানার আই ব্লক এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
