নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা, নারী নেত্রী নমিতা চাকমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
