স্পেয়ার পার্টসের ঘোষণায় কন্টেইনারে মিলল BMW ও ৫ হাফ-কাট ট্রাক
চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আমদানি করা একটি কন্টেইনারে মিলেছে সিকেডি অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, আরেকটি বিএমডব্লিউ সেডানের সামনের অংশ এবং পাঁচটি হাফ-কাট ট্রাক। কাস্টমস নথিতে ঘোষিত পণ্যের সঙ্গে কন্টেইনারে পাওয়া পণ্যের বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) তথ্যের ভিত্তিতে মঙ্গলবার চালানটির কায়িক পরীক্ষা করা হয়। চট্টগ্রামের হালিশহরের ‘এম/এস আয়াজ অটো ইন্টারন্যাশনাল’ সংযুক্ত আরব আমিরাত থেকে চালানটি আমদানি করে। খালাসের দায়িত্বে ছিল ‘আমিন (সিঅ্যান্ডএফ) প্রাইভেট লিমিটেড’।

পরীক্ষায় ২০০৯ মডেলের প্রায় ২ হাজার ৫০০ সিসির বিএমডব্লিউ এস-ড্রাইভ ২৩আই স্পোর্টস কার এবং ২০১৬ সালের প্রায় ৩ হাজার সিসির বিএমডব্লিউ ৭৪০আই সেডানের সামনের অংশ পাওয়া যায়। পাশাপাশি ইসুজু ব্র্যান্ডের পাঁচটি হাফ-কাট ট্রাকও পাওয়া গেছে।
কাস্টমসের ধারণা, গাড়ির বিভিন্ন অংশ আলাদা চালানে এনে পরে দেশে পুনঃসংযোজনের মাধ্যমে প্রকৃত পণ্য ও মূল্য গোপন করে শুল্ক-কর ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। এ ঘটনায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া গাড়ি ও অংশগুলোর ইঞ্জিন-চ্যাসিস নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
