কক্সবাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক Bangladesh Pratidin–এর কুতুবদিয়া প্রতিনিধি মিজানুর রহমান।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার শহরের শহীদ সরণি রোডের পুলিশ সুপার মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি। কিছুদিন আগে আবদুল্লাহ নামের এক ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলেও জানান মিজান।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজার। সংগঠনটির পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সংগঠনটির সভাপতি মোর্শেদুর রহমান খোকন, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন শাকিল, সিনিয়র সদস্য শাইফুর রহীম শাহীন এবং সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি তারা হুঁশিয়ারি দেন, এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
