কারিগরি ত্রুটি মেরামতের পর কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আবারও আংশিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বুধবার রাত ৩টার দিকে টার্মিনালের বন্ধ থাকা দুটি বয়লারের একটি চালু হলে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া শুরু হয়।
শুরুতে প্রায় ১১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও বৃহস্পতিবার বিকেলে তা বেড়ে ২৩০ মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ আরও বাড়ানোর চেষ্টা চলছে।

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনালের একটি থেকে ২৩০ এবং অন্যটি থেকে ৫৭০ মিলিয়ন ঘনফুটসহ মোট প্রায় ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।
সরবরাহ বাড়ায় চট্টগ্রামে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটের কিছুটা উন্নতি হয়েছে। বাসাবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে। আগে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা গেলেও বৃহস্পতিবার পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে।
চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট বলে জানিয়েছে কেজিডিসিএল।
