এমবাপ্পে নন, স্পেন গোলরক্ষকের সবচেয়ে বড় দুশ্চিন্তা অন্য এক ফরাসি তারকা
ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে স্পেনের গোলরক্ষক উনাই সিমন জানিয়েছেন, কিলিয়ান এমবাপ্পে নয়, বরং দলের সবচেয়ে বড় হুমকি মনে করছেন তিনি ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসেকে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন বলেন, এমবাপ্পে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হলেও ফ্রান্সের আক্রমণভাগ শুধু একজনের ওপর নির্ভরশীল নয়। ওলিসে, ডেম্বেলে ও অন্যরাও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন।
তার ভাষায়, ‘অনেকেই শুধু এমবাপ্পের কথা বলেন। কিন্তু আমি মনে করি, ওলিসেও সমান বিপজ্জনক। সে সুযোগ তৈরি করতে পারে, নিজেও গোল করতে পারে এবং প্রতিপক্ষের রক্ষণভাগকে ভেঙে দিতে পারে।’
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ওলিসে ইতোমধ্যেই গোল ও অ্যাসিস্ট করে ফ্রান্সের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই স্পেনের রক্ষণভাগকে পুরো ম্যাচজুড়েই সতর্ক থাকতে হবে বলে মনে করছেন সিমন।
ফ্রান্স-স্পেনের এই মহারণে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের ফাইনালে। তাই দুই দলের তারকাদের ব্যক্তিগত লড়াইয়ের পাশাপাশি গোলরক্ষকদের পারফরম্যান্সও হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণের অন্যতম বড় নিয়ামক।
