আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন, বাণিজ্যে নতুন দিগন্ত
চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন–এফটিজেড) প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি (সিসিইএ)। সরকারের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিক হাব হিসেবে নতুন অবস্থান তৈরি করবে।

গত ১৭ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর–এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। Bangladesh Economic Zones Authority জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দীর্ঘদিনের প্রস্তুতি ও বিভিন্ন দেশের সফল মডেল বিশ্লেষণ করে আনোয়ারাকে এই প্রকল্পের জন্য নির্বাচন করা হয়েছে।
বেজার মতে, ফ্রি ট্রেড জোন বাস্তবায়িত হলে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বহুমুখীকরণ, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের লজিস্টিক সক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠবে।
এ বিষয়ে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশ এখন ফ্রি ট্রেড জোন মডেলে প্রবেশের উপযুক্ত অবস্থায় রয়েছে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নীতিমালা ও আইনি সংস্কার কার্যক্রমও শুরু হয়েছে।
সরকারের আশা, এই ফ্রি ট্রেড জোন শুধু উৎপাদন ও রপ্তানিতে নয়, বরং আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
