অস্বাস্থ্যকর কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অবস্থিত অমিত ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। উৎপাদনস্থলে তেলাপোকা, ইঁদুর, বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিড়ালের অবাধ বিচরণ ছিল। এছাড়া নিম্নমানের খাদ্যদ্রব্য ব্যবহার, খাদ্যপণ্যের মোড়কে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ তথ্য সংবলিত লেবেলিংসহ নানা অনিয়মও পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা ও খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে একই দিনে পাহাড়তলী এলাকার কনকা ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হলে মালিকপক্ষ সরকারি কাজে সহযোগিতা না করে পালিয়ে যায়। এ কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য চট্টগ্রাম কার্যালয়।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top