টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে রেললাইন তলিয়ে যাওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি কমাতে অগ্রিম কাটা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার সকালে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী কোনো ট্রেন ছেড়ে যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, অতিবৃষ্টিতে চট্টগ্রামের ষোলশহর ও জান আলী হাট এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি বিবেচনায় কক্সবাজার-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
রেলওয়ের টিকিট বিক্রয়কর্মীরা জানান, ট্রেন চলাচল বন্ধের বিষয়টি যাত্রীদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে। পাশাপাশি যেসব যাত্রী অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তাদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রেললাইন থেকে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। বর্তমানে স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
