দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে।

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯১ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৪৩ জনের শরীরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৯ হাজার ৫০৩ জনে পৌঁছেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন। এর মধ্যে ৫৮ হাজার ১৫৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হামের সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
