সম্পত্তির দ্বন্দ্বে বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে হত্যা, দুই ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফাঁসিয়ে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
তদন্তে জানা যায়, প্রথম সংসারের দুই ছেলে বেলাল হোসেন ও আবদুল জলিল বাবার সম্পত্তি নিয়ে ক্ষুব্ধ হয়ে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। পরে এক নারীর মাধ্যমে তাকে ফাঁদে ফেলে ঘুমের ওষুধ খাওয়ানো হয় এবং অপহরণ করা হয়।
এরপর বিভিন্ন স্থানে ঘোরানোর পর হালিশহরে মাইক্রোবাসের ভেতর গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ ফেলে দেওয়া হয় রাস্তার পাশে।
পিবিআই জানিয়েছে, ঘটনায় দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে।
