কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের দাবি, শনিবার ভোরে তারা মার্কিন নৌবাহিনীর কয়েকটি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে। একই সময়ে হরমুজগান প্রদেশের সিরিক বন্দরে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে তেহরান।

মার্কিন প্রশাসনও হরমুজ এলাকায় ইরানি ড্রোন তৎপরতার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঘটনার বিস্তারিত নিয়ে এখনো দুই পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে।
গত কয়েক দিন ধরেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দোষারোপ করছে ওয়াশিংটন ও তেহরান। ফলে হরমুজ প্রণালি বর্তমানে দুই দেশের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌ চলাচল নির্বিঘ্ন রাখতে এলাকায় ইরানের সামরিক উপস্থিতি কমানোর আহ্বান জানালেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। তেহরানের মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের গুরুত্বপূর্ণ অংশ।
এদিকে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে বাহরাইনে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
