হজ পালনকালে ৪৪ হাজির মৃত্যু, হাসপাতালে আরও ৩২ ,
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (২ জুন) নওগাঁর পত্নীতলা উপজেলার বাসিন্দা মো. মতিউর রহমান (৭১) মারা যান। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে ৩২ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারী হাজিদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৫ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে মোট ২১ হাজার ৩৪৩ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন রয়েছেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ২৪৯ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ৩২ জন হাসপাতালে ভর্তি আছেন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। ৩০ মে শুরু হওয়া ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
