সান মারিনোর জালে দুইবার বল জড়িয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করলেন তপু ,
ইউরোপের মাটিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ফুটবল দল। সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইউরোপীয় দলের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তপু বর্মণ। ম্যাচের ১৯ মিনিটে শেখ মোরসালিনের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। যদিও ৩১ মিনিটে নিকোলাস জিয়াওকোপেত্তির গোলে সমতায় ফেরে সান মারিনো।
বিরতির পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও একের পর এক সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তবে ম্যাচের ৮৬ মিনিটে হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে পাওয়া বলে আবারও হেডে জাল খুঁজে নেন তপু বর্মণ। তার জোড়া গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়।
এই জয়ের মাধ্যমে ইউরোপের মাটিতে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবারের মতো বিজয়ের স্বাদ পেল বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনেও এটি স্মরণীয় এক সূচনা হয়ে থাকল।
