শেষ হয়নি ‘গোপাল ভাঁড়’, নতুন পর্ব প্রচার করে গুঞ্জনের অবসান
জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ শেষ হয়ে গেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে গত এক মাস ধরে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। নতুন পর্ব প্রচার বন্ধ থাকায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে নতুন পর্ব প্রচার করে সেই গুঞ্জনের অবসান ঘটিয়েছে সনি ৮।
চ্যানেলটি জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচার হয়েছে। এর ফলে নিশ্চিত হয়েছে, জনপ্রিয় এই সিরিজটি এখনো চলমান।
২০১৫ সালে সনি ৮-এ প্রচার শুরু হওয়া ‘গোপাল ভাঁড়’ মজার গল্প, বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানা ও হাস্যরসের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে। সিরিজে গোপালকে নিজের বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের নানা জটিল সমস্যার সমাধান করতে দেখা যায়।
গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর নতুন পর্ব বন্ধ হয়ে যাওয়ায় সিরিজটি শেষ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গোপালের মৃত্যুশয্যার একটি দৃশ্য ভাইরাল হলে জল্পনা আরও বাড়ে। পরে জানা যায়, সেটি পুরোনো একটি পর্বের দৃশ্য।
অবশেষে নতুন পোস্টার ও নতুন পর্ব প্রকাশের মাধ্যমে সনি ৮ জানিয়ে দিয়েছে, ‘গোপাল ভাঁড়’ শেষ হয়নি। নতুন গল্প নিয়ে আবারও দর্শকদের সামনে ফিরেছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।
