শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় বিক্ষোভকারীরা, সময় চায় মোদি সরকার

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে।
শুক্রবার সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনের অন্যতম নেতা আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়। দাবি না মানলে আন্দোলন আরও জোরদার করা হবে।
সরকারের পক্ষে বৈঠকে অংশ নেওয়া কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং দাবিগুলো নিয়ে শনিবার আবারও বৈঠক হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও আন্দোলনকারীদের দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
