রিয়াজউদ্দিন বাজারে অভিযান, জব্দ ছয় কার্টন মোবাইল ডিসপ্লে

চট্টগ্রামে চুরি হওয়া মোবাইল ফোনের এলসিডি ডিসপ্লের একটি চালান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ জুন) লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ছয় কার্টন মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। মামলার এজাহার সূত্রে জানা যায়, চুরি হওয়া ১০ কার্টন মোবাইল ফোনের এলসিডি ডিসপ্লের মোট মূল্য প্রায় ৩২ লাখ টাকা।

গত ৪ জুন দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় বন্দর থানায় দণ্ডবিধির ৪০৭, ৪২০ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বন্দর বিভাগের সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বন্দর থানার একটি বিশেষ দল অংশ নেয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি হওয়া বাকি মালামালের অবস্থান সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top