রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া হয়েছিল।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং Autonomic Neuropathy-তে ভুগছেন।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক সংকটের পর সংবিধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার প্রতিষ্ঠায় তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top