যুদ্ধবিরতি এগিয়ে নিতে ইসলামাবাদে আরাগচি

যুদ্ধবিরতি এগিয়ে নিতে ইসলামাবাদে আরাগচি

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার উদ্যোগ নেওয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আবারও ইসলামাবাদে পৌঁছেছেন। এর আগের দিন তিনি পাকিস্তানের রাজধানী ত্যাগ করেছিলেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘাত অবসানের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর প্রেক্ষাপটে মস্কো যাওয়ার আগে আরগচি ইসলামাবাদে পৌঁছেছেন।

সংঘাত অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে তিন দফা সম্বলিত একটি নতুন প্রস্তাব পেশ করার পরই এই কূটনৈতিক তৎপরতা জোরদার হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবে যুদ্ধবিরতি এবং উভয় দেশের মধ্যে আগে সম্মত হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট তার বিশেষ দূতদের পাকিস্তান সফরের পরিকল্পনা বাতিল করার পর ওয়াশিংটন আদৌ কূটনীতির বিষয়ে আন্তরিক কি না, তা স্পষ্ট নয়। ইরান সরাসরি মার্কিন আলোচকদের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, এখন থেকে টেলিফোনেই আলোচনা চলবে।

এর আগে শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছিল, আলোচনার দ্বিতীয় পর্বের জন্য তারা বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদ পাঠাবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চলে যাওয়ার খবর প্রকাশের পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে কোনো অগ্রগতি না হওয়ায় তিনি এই সফর বা মিশনটি বাতিল করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top