নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে ২-২ গোলে ড্র করেছে ইরান। তবে মাঠের লড়াই শেষ হতেই নতুন ঝামেলায় পড়েছে দলটি। ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোর টিহুয়ানায় অবস্থিত অনুশীলন ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের কোচ ও অধিনায়ক।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচ শেষে খেলোয়াড়দের বিশ্রাম ও পুনরুদ্ধারের পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হয়নি। দ্রুত টিহুয়ানায় ফেরার নির্দেশে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান কোচ আমির গালেনোয়েই।

গালেনোয়েইয়ের অভিযোগ, খেলোয়াড়দের প্রয়োজনীয় বিশ্রামের সুযোগ না দিয়ে হঠাৎ ভ্রমণে বাধ্য করা হয়েছে, যা দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়েও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি বলে জানান তিনি।
বিশ্বকাপ শুরুর আগ থেকেই নানা প্রশাসনিক ও ভিসা-সংক্রান্ত জটিলতার মুখোমুখি হয়েছে ইরান। দলটির বেশ কয়েকজন কর্মকর্তা ও স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় প্রস্তুতিতেও প্রভাব পড়ে।
এসব প্রতিকূলতার মধ্যেও নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়া অবস্থান থেকে ফিরে এসে ২-২ গোলের ড্র নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইরান। এখন তাদের লক্ষ্য আগামী ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ভালো ফল করা।
আগামী রবিবার সোফি স্টেডিয়ামেই বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান।
