মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষায় নেদারল্যান্ডস: কুমান

মরক্কোকে নিয়ে সতর্ক কুমান, ‘এটাই হবে আসল পরীক্ষা’

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলকে এড়িয়ে গেলেও শেষ বত্রিশে সহজ প্রতিপক্ষ পাচ্ছে না নেদারল্যান্ডস। নকআউট পর্বে তাদের মোকাবিলা করতে হবে গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কোর। তাই শুরুতেই কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন ডাচ কোচ রোনাল্ড কুমান।

মরক্কোকে হালকাভাবে নিচ্ছেন না কুমান

তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ বত্রিশ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। আগামী মঙ্গলবার মন্তেরেইয়ে ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কোর মুখোমুখি হবে তারা।

ম্যাচটি নিয়ে কুমান বলেন, ‘আমি নিশ্চিত নই আমরা ফেভারিট কিনা। মরক্কো খুবই মানসম্পন্ন দল, তারা সহজেই গোল করতে পারে। তাই আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’

নকআউটের পরবর্তী সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ ডাচ কোচ। তাঁর ভাষায়, ‘এখন আমাদের সামনে সত্যিকারের পরীক্ষা। আপাতত পুরো মনোযোগ মরক্কো ম্যাচেই।’

তবে দলের রক্ষণভাগ নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে কুমানের। টানা সাত ম্যাচে গোল হজম করায় তিনি বলেন, ‘কিছু খেলোয়াড় সঠিক অবস্থানে থাকছে না, প্রতিপক্ষকেও ঠিকভাবে থামানো যাচ্ছে না। এসব নিয়ে আমরা কাজ করছি। তবে তিন ম্যাচে ১০ গোল করেছি, এটাও ইতিবাচক দিক।’

নকআউট পর্বের গুরুত্ব স্মরণ করিয়ে কুমান বলেন, ‘এখন হারলেই বিদায়, জিতলেই টিকে থাকা। আমরা এই টুর্নামেন্টে অনেক দূর যেতে চাই।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top