নরওয়ে ম্যাচে খেলবেন নেইমার?
বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল তারকা নেইমার জুনিয়রকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হলেও তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার খেলতে প্রস্তুত এবং প্রয়োজন হলে পুরো ৯০ মিনিটই মাঠে থাকতে পারবেন। তবে তাকে কখন নামানো হবে, সেটি নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি ও দলের প্রয়োজনের ওপর।
তিনি জানান, নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে খেলানোর সুযোগও রয়েছে। জাপানের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত সময় হলে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল, কিন্তু সমতা ফেরানোর পর সেই প্রয়োজন হয়নি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র ১৪ মিনিট খেলেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোয় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
