বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে আজ আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে। ম্যাচ জিতলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে ইউরোপের দলটি। সম্ভাব্য সেই ম্যাচের আগে ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর স্মৃতি নতুন করে সামনে এনেছেন নরওয়ের কোচ স্টেল সোলবাকেন।
ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। এই ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোয় মুখোমুখি হবে ব্রাজিলের।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সোলবাকেন বলেন, আপাতত তাদের সব মনোযোগ আইভরি কোস্টকে হারানোর দিকেই। তবে ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর স্মৃতি যে এখনও বিশেষ, সেটিও স্বীকার করেন তিনি।
‘ওই ম্যাচটি ফুটবলার ও কোচ—সবার কাছেই বিশেষ স্মৃতি। তবে আমরা এখানে অতীত নিয়ে থাকতে আসিনি, নতুন ইতিহাস গড়তে এসেছি,’ বলেন নরওয়ে কোচ।
১৯৯৮ বিশ্বকাপে তোরে আন্দ্রে ফ্লোর শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছিল নরওয়ে। বর্তমান দলে সেই সময়ের কোনো খেলোয়াড় না থাকলেও, সেই জয় এখনও দলটির জন্য বড় অনুপ্রেরণা।
