বেনজীরকে ফিরিয়ে আনতে ইউএইর সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আমিরাত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএই সরকারের আনুষ্ঠানিক জবাব এখনো পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদ দেশটির ফেডারেল পুলিশের হেফাজতে রয়েছেন।
সীমান্তে ভারতের ‘পুশ-ইন’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি সতর্ক রয়েছে এবং কাউকে জোর করে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন, পরিচয় যাচাই ছাড়া কাউকে সীমান্ত দিয়ে পাঠানো গ্রহণযোগ্য নয়। ভারত সরকার তালিকা দিলে আইনগত প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের গ্রহণ করা হবে।
এদিকে, অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো, দীর্ঘদিনের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং প্রযুক্তিনির্ভর মাদক ব্যবসা ও অর্থ পাচার দমনে নতুন আইনি ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হচ্ছে।
