
মন্তেরেইয়ে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় মরক্কো। এর মধ্য দিয়ে শক্তিশালী নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করে আফ্রিকার দলটি।
ম্যাচ শেষে ওয়াহবি বলেন, “মরক্কো এখন আর কাউকে কিছু প্রমাণ করার অবস্থায় নেই। আমরা মাঠের পারফরম্যান্স দিয়েই বিশ্ব ফুটবলে নিজেদের সম্মান অর্জন করেছি।”
ম্যাচে বলের দখল থেকে শুরু করে আক্রমণ—সব দিকেই এগিয়ে ছিল মরক্কো। পুরো ম্যাচে ৭০ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে, আর গোলের উদ্দেশে নেয় ১১টি শট।
টাইব্রেকারের আগে দল আত্মবিশ্বাসী ছিল বলেও জানান ওয়াহবি। তার ভাষায়, “আমরা জানতাম আমাদের একজন অসাধারণ গোলরক্ষক আছে। তাই ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী খেলেছি।”
শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কানাডা। তবে ওয়াহবি সতর্ক করে বলেন, ফুটবলে কোনো প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। নিজেদের সেরাটা খেলতে পারলেই কেবল পরের ধাপে ওঠা সম্ভব।
