বাংলাদেশে তিন টিভি চ্যানেলে সম্প্রচার হবে ফিফা বিশ্বকাপ

বাংলাদেশের তিন টিভি চ্যানেলে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপ টেলিভিশনের পর্দায় দেখা নিয়ে বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান হয়েছে। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল টুর্নামেন্টটির অফিসিয়াল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।

ছবি: সংগৃহীত

এবার বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসেও খেলা দেখতে পারবেন দর্শকরা। তিনটি প্রতিষ্ঠানের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড বাংলাদেশের জন্য সম্প্রচার অধিকার কিনলেও স্থানীয় বাজারে তা বিক্রি করতে ব্যর্থ হয়। ফলে বিশ্বকাপ শুরুর অল্প কিছুদিন আগে পর্যন্ত দেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান চূড়ান্ত ছিল না।

পরে এ জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তাদের উদ্যোগে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, টেলিকম অপারেটর ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার বিটিভির কোনো আর্থিক ব্যয় থাকছে না। সম্প্রচারের সম্পূর্ণ খরচ যৌথভাবে বহন করবে বেসরকারি সম্প্রচার প্রতিষ্ঠান ও টেলিকম অপারেটররা। ফলে দেশের ফুটবলপ্রেমীরা বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top