বাংলাদেশকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যাইডেন মারক্রাম। তাঁর মতে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতোই বাংলাদেশও এখন শক্ত প্রতিপক্ষ, বিশেষ করে টাইগারদের নতুন পেস আক্রমণ যেকোনো দলকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।
সামনে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে টানা ঘরের মাঠের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই তিনটি সিরিজকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মারক্রাম। তিনি বলেন, ‘বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, তাদের নতুন পেস আক্রমণ বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তাই সামনে আমাদের তিনটি বড় সিরিজ অপেক্ষা করছে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিও মনে করিয়ে দেন মারক্রাম। তাঁর মতে, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে নিয়ে গড়া বাংলাদেশের পেস ইউনিট দক্ষিণ আফ্রিকার জন্য বড় হুমকি হতে পারে।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যও পুনর্ব্যক্ত করেছেন মারক্রাম। পাশাপাশি জ্যাক ক্যালিসকে সর্বকালের সেরা অলরাউন্ডার আখ্যা দিয়ে তিনি বলেন, ‘জ্যাক ক্যালিসই আসল রাজা। আমার মতে, তিনিই সর্বকালের সেরা ক্রিকেটার।’
