বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি সেনেগাল-ইরাক
গ্রুপ পর্বের শেষ ম্যাচেই নির্ধারিত হতে পারে সেনেগাল ও ইরাকের বিশ্বকাপ ভাগ্য। টানা দুই পরাজয়ে চাপে থাকা দুই দলই শুক্রবার রাত ১টায় বিএমও ফিল্ডে মাঠে নামছে শেষ ৩২-এ ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে। পরাজিত দলের জন্য সেখানেই শেষ হবে বিশ্বকাপ অভিযান।
গ্রুপ ‘আই’-এ এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি সেনেগাল ও ইরাক। সেনেগালের জন্য বড় দুশ্চিন্তা গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির চোট। তাঁর খেলা অনিশ্চিত হওয়ায় একাদশে দেখা যেতে পারে ইয়েভ্যান দিউফকে। তবে অভিজ্ঞ ডিফেন্ডার কালিদু কৌলিবালি এবং আক্রমণভাগে সাদিও মানে, নিকোলাস জ্যাকসন ও ইসমাইলা সারের ওপরই ভরসা রাখছেন কোচ পাপে থিয়াও।

অন্যদিকে, ইরাক শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ স্ট্রাইকার আয়মেন হুসেইনের ফিটনেস। ফ্রান্সের বিপক্ষে পাওয়া চোটের কারণে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি না খেললে মোহনদ আলী বা আলী আল-হামাদির কাঁধে পড়বে গোল করার দায়িত্ব। মাঝমাঠে জাইদান ইকবাল ও আমীর আল-আম্মারিকেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।
পরিসংখ্যান বলছে, দুই দলের রক্ষণভাগই এবারের আসরে ভঙ্গুর। দুই ম্যাচে সেনেগাল ৬টি এবং ইরাক ৭টি গোল হজম করেছে। ফলে ম্যাচটিতে আক্রমণাত্মক ফুটবল দেখার সম্ভাবনাই বেশি।
কাগজে-কলমে অভিজ্ঞতা ও ব্যক্তিগত দক্ষতায় কিছুটা এগিয়ে সেনেগাল। তবে নকআউটে ওঠার শেষ সুযোগে ইরাকও সর্বস্ব উজাড় করে লড়বে। ফলে গ্রুপ ‘আই’-এর এই লড়াই হতে পারে শেষ রাউন্ডের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।
