
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে জলদস্যুতা ও চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের দাবিতে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে জরুরি চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক চিঠিতে উল্লেখ করেন, গত এক মাসে বহির্নোঙরে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দস্যুতার ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল, জাহাজের সরঞ্জাম ও মূল্যবান যন্ত্রাংশ লুট হয়েছে। এতে বিদেশি জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বহির্নোঙরের নিরাপত্তাহীনতা শুধু শিপিং শিল্প নয়, জাতীয় অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশি শিপিং কোম্পানির অতিরিক্ত বীমা ব্যয়, জাহাজ পরিচালনায় বিলম্ব এবং আমদানি-রপ্তানি ব্যয় বেড়ে যেতে পারে।
এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকায় কোস্টগার্ডের টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং জলদস্যু ও চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।
