বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড। একই ধরনের ঘটনায় লিওনেল মেসি শাস্তি না পাওয়ায় ফিফার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচে গোল করার পর ৬৪তম মিনিটে ভিএআরের পরামর্শে সরাসরি লাল কার্ড দেখেন ফোলারিন বালোগান। রেফারির এই সিদ্ধান্তের পরই প্রশ্ন ওঠে, আলজেরিয়ার বিপক্ষে প্রায় একই ধরনের ট্যাকলের জন্য মেসির বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড বলেন, একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত ভিএআরের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। সাবেক ফুটবলার সু স্মিথ ও ক্লিন্ট ডেম্পসিও মনে করেন, বালোগানের ট্যাকল ইচ্ছাকৃত ছিল না এবং লাল কার্ড কঠোর সিদ্ধান্ত।
যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোও বালোগানের পাশে দাঁড়িয়ে বলেন, এটি লাল কার্ডের মতো অপরাধ ছিল না। তার মতে, মেসি ও বালোগান—দুই ক্ষেত্রেই একই মানদণ্ড প্রয়োগ করা উচিত ছিল।
যদিও ১০ জনের দল নিয়েই যুক্তরাষ্ট্র ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ ষোলোতে উঠেছে, তবে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বালোগানকে না পাওয়াটা দলটির জন্য বড় ধাক্কা।
