
চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ফটিকছড়ি থানার উদ্যোগে লেলাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন বিট অফিসার এসআই আ স ম মাহমুদুল হাসান। এ ছাড়া প্রশাসনিক কর্মকর্তা খায়রুল আসলাম, প্যানেল চেয়ারম্যান ইশতেহার উদ্দীন মুরাদ, ইউপি সদস্য মাওলানা ওসমান ও চিত্ত রঞ্জন বাবু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডা. হোসেন এবং সাংবাদিক মোস্তফা কামরুল প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাদক কেবল ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংস করে মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; বরং পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র্যালি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
