পাওনা টাকা নিয়ে বিরোধ, ট্রাকচাপায় কৃষক দলের নেতা মোহাম্মদ ফয়সাল নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ‘পাওনা টাকা’ চাওয়ার জেরে কৃষক দলের এক নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফয়সাল

নিহতের নাম মোহাম্মদ ফয়সাল (৩৪)। তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত আবদুল মালেকর ছেলে। এ ছাড়া তিনি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। এ ঘটনায় গত রবিবার সকালে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা হয়েছে।  পুলিশ জানায়, নিহত ফয়সাল তাঁর প্রতিবেশী ট্রাকচালক মোহাম্মদ জুয়েলের কাছে প্রায় ৩৫ হাজার টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৮ এপ্রিল রাতে পাওনা টাকা চাইলে জুয়েল তাঁকে সড়কে ডেকে নেন। সেখানে গিয়ে ফয়সাল ট্রাকচাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ফয়সালের মা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেছেন। এতে ট্রাকচালক জুয়েলকে আসামি করা হয়েছে। অভিযুক্ত জুয়েল পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ‘ঘটনার পর ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক জুয়েল পলাতক রয়েছেন। নিহত ফয়সালের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top