পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের তরুণ
পর্তুগালে কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের এক তরুণ প্রবাসী। দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শামসুল ইসলাম ওরফে কামরান (২৫) সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে পর্তুগালের সেতুবাল আলমেদা এলাকায় কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন শামসুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি মারা যান।
পরিবার জানায়, প্রায় চার মাস আগে তিনি দেশে এসে বিয়ে করেছিলেন। বিয়ের তিন মাস পর আবার কর্মস্থলে যোগ দিতে পর্তুগালে ফিরে যান। কিন্তু নতুন সংসার শুরুর অল্প সময়ের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তাঁর জীবনাবসান ঘটে।উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্য ও ইউরোপে সড়ক দুর্ঘটনায় একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটছে। গত ২১ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। এছাড়া ৩ জুলাই সৌদি আরবের জেদ্দায় ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় কানাইঘাটের আরেক প্রবাসী তারেক আহমদ (২৫) প্রাণ হারান।
