চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে মো. হোসাইন (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করেন। নিহত হোসাইন ওই এলাকার রমজান আলী হাজী বাড়ির আব্দুর রহিমের পুত্র।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী শিশুটির স্বজনদের বরাতে জানান, গত রবিবার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সাথে খেলছিল হোসাইন। ছেলেকে খেলতে দেখে মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও হোসাইন বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকায় মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত নয়টার দিকে আনোয়ারা থানায় জিডি করেন তার বাবা। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে পানি আনতে গিয়ে কয়েকজন নারী পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা শিশুটির লাশ উদ্ধার করেন।
ওসি জানান, শিশুটি সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
