চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, ফটিকছড়ি থানার তিনটি মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং দুটি অস্ত্র মামলা রয়েছে। হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইমনের নাম উঠে আসায় তাকে এজাহারবহির্ভূত সন্দেহভাজন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

চট্টগ্রাম জেলা আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, এদিন ইমনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি। পরে প্রয়োজন অনুযায়ী রিমান্ড চাওয়া হবে।
বুধবার ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকা থেকে তিন সহযোগীসহ ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি চট্টগ্রামে জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার তদন্তের সূত্র ধরে ইমনকে গ্রেপ্তারের অভিযান শুরু হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় দায়ের করা মামলাটিও ইমনের বিরুদ্ধে হওয়া মামলার অন্তর্ভুক্ত।
