জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল
ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের ইমাম ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মোহাম্মদ হুসেন জুমার খুতবা প্রদান এবং নামাজে ইমামতি করার কিছুক্ষণ পরই ইসরায়েলি বাহিনীর সদস্যরা তাকে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্র জানায়, আটকের সময় মসজিদ প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে তাকে আটকের কারণ কিংবা কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
ঘটনার পর ফিলিস্তিনি মহলে উদ্বেগ দেখা দিয়েছে। আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।
