চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় নিরাপত্তাকর্মী আবু সিদ্দিক হত্যা মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।
ফয়সাল আহম্মেদ বলেন, গত ১৫ জুলাই রাত ১০টার দিকে ডবলমুরিং এলাকায় অভিযুক্তরা একটি গ্যারেজে প্রবেশ করে নিরাপত্তাকর্মী আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। তারা তাকে কিলঘুষি ও এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গ্যারেজে থাকা রিকশার চাকার লোহার রিং দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বজন মো. আসলাম শুক্রবার (১৭ জুলাই) সকালে ডবলমুরিং মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে শেখ আহমেদ রুবেল (৩৫), মো. সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো. জামাল উদ্দিন মিজান (৪৫), মো. গোলাম রব্বানী (৫৫), মো. আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদকে (৫৫) গ্রেফতার করে পুলিশ।
ফয়সাল আহম্মেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একইসঙ্গে মামলার তদন্তও অব্যাহত আছে। ঘটনার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
