চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুছা(৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২১ জুলাই) রাতে নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১৭ জুলাই বিকালে বাড়ি ফেরার পথে উপজেলার কানুনগোপাড়া বিদ্যুৎ অফিসের সামনে মুছাকে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। ওই সময় তিনি হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। মুছা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর পূর্ব গোমদন্ডী লাল মিয়ার বাড়ির মৃত আল আমিনের ছেলে।
নিহতের জামাতা মো. জাহাঙ্গীর আলম মামুন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন আইসিইউ সাপোর্টের জন্য নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন বলেন, নগরীর কোতোয়ালী থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
