চট্টগ্রামে বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে নগরীর হালিশহর বউবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ চলাকালে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ইলিয়াস হোসেন ও সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংগঠনটির নির্বাচনে ভোটার ৩ হাজার ৫৬১ জন। সকালে ভোটগ্রহণ শুরুর পর দুপুরে ভোটকেন্দ্রে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, ভোটার কার্ড ও নম্বর যথাযথভাবে যাচাই না করেই দ্রুত ভোট নেওয়া হয়েছে। অনেক বৈধ ভোটারকে ব্যালট দেওয়া হয়নি। আবার বহিরাগত ও ভুল ভোটার নম্বরের ব্যক্তিদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিকেলে অনেক শ্রমিক ভোট দিতে গিয়ে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার কথা শুনেছেন। এতে প্রায় ১০০ থেকে ১৫০ জন ভোট দিতে পারেননি বলে দাবি করেন তারা।
হালিশহর থানার ওসি কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করে দুই পক্ষকে সরিয়ে দেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
