প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উদ্বোধন ঘিরে চট্টগ্রামে প্রস্তুতি সভা
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আগামী ৯ আগস্ট অনুষ্ঠিতব্য প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় মেয়র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এ উপলক্ষে বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুতগতিতে চলছে।

তিনি জানান, যানজট কমাতে ও নগরী পরিচ্ছন্ন রাখতে সড়কের ওপর থাকা ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে চসিক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।
প্রস্তুতি সভায় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
