চট্টগ্রামে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

বাকলিয়ায় ছিনতাইয়ের ঘটনায় পাঁচজন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আরমান (২৯), ইরফান (২৪), করিম (২১), রাকিব (১৯) ও গোলাম হোসেন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা, দুটি ছুরি ও ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে দুই ভাই অটোরিকশায় নতুন ব্রিজের দিকে যাওয়ার সময় শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে তাদের পথরোধ করে ছিনতাইকারীরা। ছুরি দেখিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল, নগদ টাকা, ভিসা কার্ডসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। পরে ওই ভিসা কার্ড ব্যবহার করে একটি ব্যাংক থেকে ১ লাখ ২৬ হাজার টাকা তুলে নেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগীদের শনাক্তের ভিত্তিতে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top