হাটহাজারীতে গুলি করে কুপিয়ে দরজিকে হত্যা
চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আজম (৪৮) নামে এক দরজিকে গুলি করে পরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজম নিজ বাড়িতে দর্জির কাজ করতেন। সকালে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে দুর্বৃত্তরা প্রথমে তার পায়ে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ মিয়া বলেন, এলাকার কয়েকজনের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ বলেন, মরদেহে গুলির ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পূর্ববিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
