চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহজাহান ম্যানশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত গীতা দে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকার মৃত নির্মল বর্মনের স্ত্রী। তিনি দীর্ঘ চার বছর ধরে তার একমাত্র ছেলেকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার রাতে নিজ কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাসার মালিক মো. শাহজাহান জানান, গীতা দে দীর্ঘদিন ধরে তার বাসায় ভাড়া থাকতেন। রাতের দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
