চট্টগ্রামের কর্ণফুলীতে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাটি শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জারটেক এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার ভেতরে থাকা চালক নিহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও বাসটি উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তারা নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি।
জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
