খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের জন্য এআই, ফ্যাক্টচেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্টচেকিং এবং সাংবাদিক সুরক্ষা বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ কর্মশালার আয়োজন করেছে।

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে সাংবাদিকদের জন্য তথ্য যাচাই, ভুয়া খবর শনাক্তকরণ এবং নিরাপদ পেশাগত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ইউনেস্কোর প্রশিক্ষক প্রতিনিধি রাকিবুল ইসলাম খান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

তিন দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে এআই প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ভুয়া তথ্য ও অপতথ্য শনাক্তকরণ, ডিজিটাল নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করতেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top