তিন মাসের সর্বনিম্নে আন্তর্জাতিক তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতা এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার আশাবাদে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মঙ্গলবার (১৬ জুন) তেলের দাম ২ শতাংশের বেশি কমে গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।

বাজার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.০২ ডলার বা ২.৪ শতাংশ কমে ৮১.১৫ ডলারে নেমে আসে। লেনদেনের একপর্যায়ে এর দাম ৮০.৮৯ ডলারে পৌঁছায়, যা গত ৪ মার্চের পর সর্বনিম্ন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২.২২ ডলার বা ২.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮.৫৩ ডলারে দাঁড়ায়। একপর্যায়ে এর মূল্য ৭৮.২৭ ডলারে নেমে যায়, যা গত ১০ মার্চের পর সবচেয়ে কম।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার প্রত্যাশা বিশ্ববাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমিয়েছে। এর ফলে তেলের বাজারে বিক্রির চাপ বেড়েছে।
উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অন্তর্বর্তীকালীন চুক্তির ঘোষণা দেন। ওই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার আরও বড় দরপতন দেখা গেল আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
