এআই উদ্ভাবন ও প্রয়োগে সক্ষম দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী নয়, বরং এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এ সামিটের আয়োজন করে।
রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের নিষ্ক্রিয় অংশীদার না হয়ে বাংলাদেশকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি, শিল্পের আধুনিকায়ন, রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে এআইকে কৌশলগতভাবে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা চতুর্থ শিল্পবিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় ও তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
