আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, চট্টগ্রাম-৪ আসনের সমীকরণে নতুন মোড়

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। এর ফলে আসনটিতে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে, নাকি পুনর্নির্বাচন হবে—তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার আপিল বিভাগ জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর করা আপিল মঞ্জুর করে রায় দেন। আদালতের রায়ের পর আনোয়ারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ঋণখেলাপি অবস্থায় নির্বাচনে অংশ নেওয়ায় আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ হয়েছে। তবে আসনটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই স্পষ্ট হবে।

বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী

তিনি জানান, সাধারণত বিজয়ী প্রার্থী অযোগ্য হলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে এ ক্ষেত্রে আপিল বিভাগ ভিন্ন কোনো নির্দেশনা দেন কি না, সেটি পূর্ণাঙ্গ রায়ে জানা যাবে।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, যদি আসনটিতে পুনর্নির্বাচন হয় এবং আসলাম চৌধুরী তখন আর ঋণখেলাপি না থাকেন, তাহলে আইনগতভাবে তার প্রার্থী হতে বাধা থাকবে না।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন আসলাম চৌধুরী। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top